জলবায়ু-সহনশীল নগর গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

জাতীয়
জলবায়ু-সহনশীল নগর গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল বাংলাদেশ
১৮ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, পরিকল্পিত নগরায়ণ ও সুষম আঞ্চলিক উন্নয়নই দেশের টেকসই অগ্রগতির অন্যতম ভিত্তি।

শনিবার (১৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নগরায়ণকে শুধু অবকাঠামো উন্নয়নের বিষয় হিসেবে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। তাই পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আহাম্মদ সোহেল মনজুর আরও বলেন, ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিচ্ছে।

বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, যেখানে কোনো মানুষ কিংবা কোনো অঞ্চল উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে থাকবে না।