তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
তথ্য বিকৃতি ও ট্রলের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক, যুগোপযোগী ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। তবে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপতথ্য ছড়িয়ে তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা দেশের শিক্ষা খাতের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষা অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।
নওগাঁ সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।


