সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা
সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন ‘কালো আইন’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গত ১৭ বছরে প্রণীত বা প্রয়োগ হওয়া বিভিন্ন আইন ও বিধান পর্যালোচনা করা হচ্ছে। সেগুলোর মধ্যে যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


