শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

জাতীয়
শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
১৯ জুলাই ২০২৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদনটি হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তদের তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের নামও রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সমন্বয়ে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। সেখানে তারা প্রসিকিউশনের সঙ্গে দীর্ঘ সময় মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল, ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর সংঘর্ষের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সমন্বিত অভিযান পরিচালনা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে, যদিও তৎকালীন আওয়ামী লীগ সরকার হতাহতের সংখ্যা ও হত্যাযজ্ঞের অভিযোগ অস্বীকার করে আসছিল।

পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘটনার তদন্তের আবেদন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ায় মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করেছে। প্রসিকিউশনের যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলে বিচার কার্যক্রম শুরু হবে।