স্থানীয় নির্বাচনের প্রার্থী নির্ধারণে দলের এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৯ জুলাই) সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে বৈঠক করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবে।
তিনি বলেন, “প্রার্থিতা কীভাবে বাছাই হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে রিজভী বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবেই নির্বাচন কমিশনে দলের বার্ষিক হিসাব জমা দেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ।


