সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ জুলাই) সকালে বিমসটেক নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, “জুলাইয়ের দুই বছর পূর্তিতেও আমরা সেই শোক বয়ে বেড়াচ্ছি। এত মানুষের রক্ত ঝরেছে, এত প্রাণহানি ঘটেছে। আমাদের প্রত্যাশা, এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত হবে।”
শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
রায়ের আগে ও পরে মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে তিন দফা চিঠি পাঠায় বাংলাদেশ। সর্বশেষ আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আরেকটি চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।


