২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের পাশাপাশি সাশ্রয়ী একটি প্যাকেজও রাখা হয়েছে, যার খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এ দুই প্যাকেজের ঘোষণা দেন।
ঘোষিত হজ প্যাকেজ-১ অনুযায়ী, হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় তাদের জন্য জোন-২–এ তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন এবং এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
এ প্যাকেজে অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে কক্ষ উন্নীতকরণ (রুম আপগ্রেডেশন) ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও গ্রহণ করা যাবে।
অন্যদিকে, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এ মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা করা হবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
ধর্মমন্ত্রী জানান, হোটেলের অবস্থান যদি হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরবের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।


