হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭০২ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮ জন শিশু হাম অথবা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন, আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জন।
এদিকে, চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


