তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁইছুঁই, প্লাবনের শঙ্কা
উজানের ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.১৪ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) মাত্র ১ সেন্টিমিটার নিচে।
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। ফলে এসব এলাকার নিচু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, পানি আরও বাড়লে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


