শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তেজনা চরমে

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তেজনা চরমে
২৩ জুলাই ২০২৬

মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনে ‘পুলিশি বর্বরতার’ অভিযোগ তুলে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি তাদের সমর্থক, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদেই দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সিজেপির দাবি, আন্দোলন দমনে পুলিশের কঠোর পদক্ষেপ রাজধানীর বাইরে আরও বিস্তৃত জনসমর্থন তৈরি করেছে। তবে দিল্লি পুলিশের বক্তব্য ভিন্ন। পুলিশের দাবি, মিছিল চলাকালে কিছু বিক্ষোভকারী সহিংস আচরণ করেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির নমুনাও প্রকাশ করেছে সিজেপি। নির্দেশনায় নির্ধারিত স্থানে সমাবেশ, শিক্ষার্থীদের দাবিপত্র পাঠ, সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক আমরণ অনশনে যোগ দিলে বিক্ষোভ আরও জোরদার হয়।