হরমুজে আন্তর্জাতিক জোট গঠন, যুক্তরাষ্ট্রের নতুন কৌশল কী?

হরমুজে আন্তর্জাতিক জোট গঠন, যুক্তরাষ্ট্রের নতুন কৌশল কী?
২৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে ইউরোপীয় দুই কূটনীতিক ও বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকের সম্ভাব্য তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগামী সপ্তাহের মধ্যেই সম্মেলনটি আয়োজন করতে আগ্রহী। যদিও এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যুক্তরাষ্ট্র চায়, তাদের মিত্র দেশগুলো হরমুজ প্রণালিতে নৌ-নিরাপত্তা জোরদারে মাইন অপসারণকারী জাহাজ, যুদ্ধজাহাজ, ড্রোন এবং অন্যান্য সামরিক সক্ষমতা মোতায়েন করুক, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখা যায়।

তবে সংশ্লিষ্ট কয়েকটি দেশ এই উদ্যোগে অংশ নেওয়ার আগে একটি শর্তের কথা জানিয়েছে। তাদের মতে, হরমুজ প্রণালিতে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনা কমানোর উদ্যোগ না নিলে যৌথ নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়া কঠিন হবে।

দুই সপ্তাহ আগে ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে ওই জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে নিয়মিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হরমুজে জাহাজে হামলার ঘটনায় গত বুধবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আবারও বাণিজ্যিক জাহাজে হামলা চালালে তেহরানসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।