যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

দেশজুড়ে
যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৫ জুলাই) সকালে সংগঠনটির যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জুলাইয়ের ২য় বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকাল ১১টার দিকে যশোর শহরের ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

মিছিল শেষে দড়াটানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানানো, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল সম্পাদক ড. জায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।