পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন সম্ভাবনা

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন সম্ভাবনা
২৫ জুলাই ২০২৬

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে মালদ্বীপ।

শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড. খলিলুর রহমানকে স্বাগত জানান।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ সফর আগামী বছরগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এবং বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত সরকারি সফরে মালদ্বীপে অবস্থান করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন ড. খলিলুর রহমান। সফরকালে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।