রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

দেশজুড়ে
রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন
২৬ জুলাই ২০২৬

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।

রোববার (২৬ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি শাখার আয়োজিত ‘জুলাই স্মরণে আলোচনা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনের পর ছাত্রনেতারা একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। তার দাবি, প্রস্তাবটি বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক ইতিহাস ভিন্ন হতে পারত। এরপরও অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এনসিপি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে তিনি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন আখতার হোসেন।

সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু সাংবিধানিক সুরক্ষা থাকলেও পদ থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপতিকে কখনোই আইনের আওতায় আনা যায় না—এমন ধারণাকে তিনি ‘ভুল কনসেপ্ট’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে তার কার্যক্রমের বিষয়ে আদালতের এখতিয়ার সীমিত থাকলেও পদত্যাগ বা দায়িত্ব শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো বাধা নেই বলে এনসিপির অবস্থান।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইশতেহার উদ্দিন।