রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সময় নির্ধারণ হলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তফসিল ঘোষণা করা হবে।
এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সেদিনই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এরপর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এ পরিস্থিতিতে বর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকারের সঙ্গে পরামর্শ করে তিনি তফসিল ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা।


