ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া
যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতিতে অনড় থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এ অবস্থানে কোনো পরিবর্তনের সুযোগ নেই।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান বলেছেন, সম্প্রতি ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তলব করা হলেও সেখানে মালয়েশিয়ার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত কোনো সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া নয়। স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার একই নীতি অনুসরণ করে এসেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল ও জায়নবাদী শাসনব্যবস্থাকে স্বীকৃতি না দেওয়া দেশটির দীর্ঘদিনের সরকারি নীতির অংশ। এ অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনের প্রতি সমর্থনের অংশ হিসেবে দেশটি ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
এর আগে ১৫ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতিতে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্য সেই অবস্থানকেই আবারও জোরালোভাবে সামনে আনল।


