সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

জাতীয়
সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
২৮ জুলাই ২০২৬

সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়। পরে মঙ্গলবার আদালত এস কে সুর চৌধুরীকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার তথ্য অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলাকালে দুদক এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলাটি দায়ের করে। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।