বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীরা আরও সহজে চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)। এ আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে সামনে রেখে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের জন্য ভিসা আবেদনকারীদের প্রধান নথি হিসেবে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে। এছাড়া আবেদনকে আরও শক্তিশালী করতে আগের চীনা ভিসা, চীন সফরের রেকর্ড বা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটারের মতো সহায়ক নথিও সংযুক্ত করা যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অনলাইন ফরম পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে অথবা সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে।

চীনা দূতাবাস আরও জানিয়েছে, ভুয়া আমন্ত্রণপত্র, জাল নথি বা মিথ্যা তথ্য ব্যবহার করলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দূতাবাস স্পষ্ট করেছে, ভিসা পাইয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর তথ্য যাচাইয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রলোভনমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।