শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
মাদকের বিস্তার রোধে শুধু আইন বা শাস্তির ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল আসবে না। এ জন্য রাজনৈতিক দল, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী যে কার্যক্রম শুরু হয়েছে, সেটিকে একটি গণসচেতনতামূলক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করা গেলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা তৈরিতে সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল প্রচারণার মাধ্যমে সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


