প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় অধীর আগ্রহে ভারত: হাইকমিশনার
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে ভারত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”
ভারতীয় হাইকমিশনার বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়েও খোলামেলা আলোচনা হয় বলে জানান তিনি।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর প্রসঙ্গ তুলে দীনেশ ত্রিবেদী বলেন, এ উদ্যোগ দুই দেশের মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের বিশেষ অতিথি বা আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে তারেক রহমান দিল্লি যাবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


