সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল
এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে প্রকৃত পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু একসময় অর্থহীন হয়ে যাবে।
সরকার গঠনের পাঁচ মাস পার হলেও এখনো প্রত্যাশিত কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে পরিবর্তন না এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিবর্তনের মানসিকতা সমাজের সব স্তরের মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। সবাই যদি পরিবর্তনের এই মনোভাব ধারণ করতে পারে, তাহলে জুলাইয়ের আন্দোলনের প্রকৃত সফলতা অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না; রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তাহলেই জুলাইয়ের আত্মত্যাগ ও প্রত্যাশার যথার্থ বাস্তবায়ন হবে।


