বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩০ জুলাই ২০২৬

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্ধ শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু ও বেসরকারিকরণসংক্রান্ত প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সরকারের আশা, বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, শিল্প খাতের সক্ষমতা সম্প্রসারণ এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।