মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ উল্লেখ করে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং সর্বোচ্চ নিরাপত্তা সচেতনতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই সম্ভাব্য ফ্লাইট বাতিল, দীর্ঘ বিলম্ব এবং পরিস্থিতি অনুযায়ী সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে।
দূতাবাসের ভাষ্য, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা গেছে, ইরান কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে আগে যেসব এলাকা সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচিত ছিল না, সেসব স্থানেও হামলার পরিধি বাড়তে পারে।
উদাহরণ হিসেবে মিশরে হামলার পরিধি সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, এসব ঘটনার কারণে তেহরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থাপনা বা ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার না হলেও, সেটিকে ভবিষ্যতের নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা যাবে না।
তাই মধ্যপ্রাচ্যের সব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় সতর্ক থাকতে এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।


