যুদ্ধজয়ের পর শক্তিশালী ইরান গড়ার আহ্বান গালিবাফের
ইরান যুদ্ধে জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তবে এই অর্জনকে সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, ইরানি পার্লামেন্টের সমন্বয় পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ।
তিনি বলেন, যুদ্ধজয়ের অর্জনকে শুধু সাময়িক সাফল্য হিসেবে দেখলে চলবে না। এ অর্জনকে আরও শক্তিশালী ও টেকসই করতে হবে। একই সঙ্গে দেশের জনগণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ও আস্থা তৈরি করাও জরুরি।
গালিবাফের মতে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও কার্যকারিতা আরও বিস্তৃত করতে হবে।
তার ভাষায়, রাষ্ট্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সব উদ্যোগের সূচনা হওয়া উচিত সর্বোচ্চ নেতৃত্বের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ানোর মাধ্যমে।
গালিবাফের এই বক্তব্য এমন সময় এলো, যখন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক অবস্থান নিয়ে দেশটির অভ্যন্তরে নানা আলোচনা চলছে।


