ট্রাম্পের বৈঠক চলাকালে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে হামলা

ট্রাম্পের বৈঠক চলাকালে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে হামলা
১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, মূল্যস্ফীতি এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন হরমুজ প্রণালিতে মার্কিন নিরাপত্তায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান।

শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ‘নীতি অমান্যকারী’ দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায় বলেও দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির ভাষ্য, জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তায় একটি ‘অঘোষিত রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের জন্য পৃথক দুটি রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের অভিযোগ, ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোকে লক্ষ্য করে তারা অভিযান চালাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ওপর আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজ ও বন্দরকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে।

দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়েছে।

জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে বৃহস্পতিবার ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়।

শুক্রবারও আঞ্চলিক উত্তেজনা অব্যাহত ছিল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রাচীন বিউফোর্ট দুর্গসংলগ্ন এলাকায় রাতভর বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর টানেল ও সামরিক অবকাঠামো লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।

বিস্ফোরণের শব্দ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় শোনা যায়। এতে আশপাশের অঞ্চল ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে লেবাননের কর্মকর্তারা অভিযোগ করেছেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক রাখতে ট্রাম্প প্রশাসন সামরিক শক্তি প্রয়োগের চেষ্টা করলেও ইরানে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলা এখনো কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কৌশল নির্ধারণে শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছিলেন, বৈঠকে ইরান-সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ট্রাম্প শুরুতে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও বাস্তবে সংঘাত পাঁচ মাসে গড়িয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি তিনজন আমেরিকানের মধ্যে মাত্র একজন এ যুদ্ধকে সমর্থন করছেন। সংঘাত শুরুর পর এটিই যুদ্ধের প্রতি সর্বনিম্ন জনসমর্থন।

কংগ্রেসেও যুদ্ধ নিয়ে সমর্থন কমছে। প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধে বাধ্য করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে নাকচ হয়েছে। প্রস্তাবের পক্ষে ৪৯টি এবং বিপক্ষে ৫০টি ভোট পড়ে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধজনিত মূল্যস্ফীতি ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। দলটির নেতারা মনে করছেন, মূল্যস্ফীতি ও যুদ্ধের প্রভাবকে সামনে রেখে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করা সম্ভব হতে পারে।

অন্যদিকে চলমান সংঘাতের কারণে জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এক্সনমবিলের মুনাফা দ্বিগুণ হয়েছে। আর শেভরন জানিয়েছে, তাদের মুনাফা পাঁচ গুণেরও বেশি বেড়েছে।