পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
২ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী বাহিনী নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশকে প্রকৃত অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশকে আধুনিক, দক্ষ, মানবিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, একটি কার্যকর ও পেশাদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলতে পুলিশ সদস্যদের মনোবল পুনঃপ্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি বাহিনীতে জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুরস্কার ও তিরস্কারের নীতি কার্যকর করা হয়েছে।

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাই বাহিনীর পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

এদিকে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ছয় মাসে সম্পন্ন করা হয়েছে। এই ব্যাচের ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে।

আগামী দুই বছরে দুই ধাপে প্রশিক্ষণের অবশিষ্ট ছয় মাস সম্পন্ন করা হবে। মাঠপর্যায়ে প্রশিক্ষণ চললেও এসব কর্মকর্তার মূল পদায়ন ঢাকা পুলিশ সদরদপ্তরেই বহাল থাকবে।