মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

জাতীয়
মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট
২ আগস্ট ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে মোটরসাইকেলকেও এআইভিত্তিক ক্যামেরা নজরদারির আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বরপ্লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা এড়াতে নম্বরপ্লেটের তিনটি সংখ্যা ঢেকে বা আড়াল করে চলাচল করছেন। ফলে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ঘটলেও ক্যামেরার মাধ্যমে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মোটরসাইকেল সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে মোটরসাইকেলের নম্বরপ্লেট শুধু পেছনে থাকায় সামনের দিক থেকে ধারণ করা ছবিতে যানবাহনের নিবন্ধন নম্বর শনাক্ত করতে সমস্যা হচ্ছে। এ কারণে মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিআরটিএ সূত্র জানিয়েছে, উদ্যোগটি বাস্তবায়নে বিআরটিএ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সামনের নম্বরপ্লেটের নকশা, অবস্থান, আকার এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

কর্তৃপক্ষের আশা, মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট যুক্ত করা হলে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি নম্বরপ্লেট আড়াল করে নজরদারি ফাঁকি দেওয়ার সুযোগও কমে আসবে।

বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। বিপুলসংখ্যক মোটরসাইকেলকে কার্যকর নজরদারির আওতায় আনতে নতুন এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।