ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি বিমানবন্দর লক্ষ্যবস্তু
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নাজরান বিমানবন্দরে হামলার দাবি করা হলো।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদি আরবের একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ সফলভাবে আঘাত হানা হয়েছে।
তিনি দাবি করেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এর জবাবে নাজরান বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে।
তবে হামলার বিষয়ে সৌদি আরবের কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে একটি প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় হুথি বিদ্রোহীদের দায়ী করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
হুদাইদাহভিত্তিক সরকার এক বিবৃতিতে অভিযোগ করেছে, হুথিরা বিভিন্ন এলাকায় ব্যাপক ও নির্বিচারভাবে স্থলমাইন পুঁতে রেখেছে। এসব বিস্ফোরক সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলেও দাবি করেছে তারা।
তবে ল্যান্ডমাইন বিস্ফোরণ নিয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


