যুক্তরাষ্ট্র শর্ত ‘না’ মানা পর্যন্ত হরমুজ খুলবে না ইরান: হোসেইন মোহেবি

যুক্তরাষ্ট্র শর্ত ‘না’ মানা পর্যন্ত হরমুজ খুলবে না ইরান: হোসেইন মোহেবি
৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখাই তেহরানের বর্তমান কৌশল। তার ভাষায়, ‘শত্রুপক্ষ আমাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই প্রণালি ধরে রাখাই আমাদের বর্তমান কৌশল।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরান এখন হরমুজ প্রণালিকে কেবল একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে দেখছে না। বর্তমান পরিস্থিতিতে প্রণালিটি তাদের কাছে কার্যত একটি ‘যুদ্ধক্ষেত্র’।

বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাবের আশঙ্কা

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

ফলে প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এর প্রভাব পড়তে পারে তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতেও।

সরাসরি আলোচনা হচ্ছে না: আরাঘচি

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা চলছে না। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে বলে জানান তিনি।

এর আগে আরাঘচি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। তেহরানের অভিযোগের বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনাও নাকচ করেছে ইরান।

তেহরানের সর্বশেষ এই অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।