বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
১০ আগস্ট ২০২৬

বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও কিছু বিষয় থাকবে। তার মতে, এসব বিষয় কূটনীতি ও গণতন্ত্রেরই অংশ। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। দুই দেশের মানুষ পরস্পরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। তাই আগামী দিনগুলোতেও বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশকেই নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে উদ্যোগী হতে হবে। তার ভাষ্য, আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো দেখতে চায়।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে তিনি এ দেশের মানুষের কাছ থেকে যে আন্তরিকতা, ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তা তাকে অভিভূত করেছে।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে বলে জানা গেছে।