‘সমস্ত প্রশংসা আল্লাহর’-ট্রাম্পের মন্তব্য ঘিরে কৌতূহল

‘সমস্ত প্রশংসা আল্লাহর’-ট্রাম্পের মন্তব্য ঘিরে কৌতূহল
১৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করে তিনি লেখেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর।’

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং তিনি মনে করেন, এই নিয়ন্ত্রণ ধরে রাখা হবে। এর আগে মঙ্গলবার সাংবাদিকদের কাছেও একই ধরনের দাবি করেছিলেন তিনি।

ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের প্রশংসা করে ট্রাম্প এটিকে ‘স্টিলের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এর বিরুদ্ধে ইরানের কিছুই করার নেই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পোস্টে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত অকার্যকর এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতিও সংকটাপন্ন। তার ভাষায়, ইরানের হাতে এখন শুধু ‘ভুয়া খবর’ ও উচ্চ মূল্যস্ফীতি রয়েছে।

তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরানও গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের প্রভাব বজায় রাখার দাবি করে আসছে। প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চলছে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ অবমুক্ত না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচলের সুযোগ দেওয়া হবে না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এ পথে প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

এদিকে হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিতেও উত্তেজনা বেড়েছে। ইয়েমেনভিত্তিক হুতিদের হামলায় মঙ্গলবার একটি মিসরীয় মালিকানাধীন জাহাজে ছয়জন নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর জাহাজ চলাচলে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুটি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।