ইমরান খানের মৃত্যুর দাবি ঘিরে উত্তেজনা, সেনাবাহিনীর জবাব

ইমরান খানের মৃত্যুর দাবি ঘিরে উত্তেজনা, সেনাবাহিনীর জবাব
১৪ আগস্ট ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

যেভাবে ছড়াল মৃত্যুর গুঞ্জন

মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর ইমরানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওই প্রতিবেদনে সাংবাদিক দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের (জিএইচকিউ) সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তাদের বরাতে ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ইমরানের সমর্থকদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও ক্ষোভ।

তবে পরে ওয়াজাহাত সাঈদ খান নিজেই জানান, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা নথিভুক্ত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্য প্রকাশে চরম গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

‘গুজব ও ভিত্তিহীন’ বলল আইএসপিআর

গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আইএসপিআর আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করে। সংস্থাটি ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার দাবি করা হয়েছে। বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, নিয়ন্ত্রিত এক কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটরে ইমরান খানকে দেখা গেছে। তাদের দাবি, সেখানে ইমরানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা যায়।

তবে মৃত্যুর গুঞ্জন খণ্ডিত হলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

চিকিৎসক ও আইনজীবীদের সাক্ষাতের দাবি পিটিআইয়ের

ইমরানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে পিটিআই। দলটির নেতারা তার ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পিটিআই নেতাদের আশঙ্কা, ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। দলটির পক্ষ থেকে সমর্থকদের রাওয়ালপিন্ডিমুখী কর্মসূচির প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

এদিকে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে ইমরানের চিকিৎসা সুবিধা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট