অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

জাতীয়
অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে ঢাকা।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও মতবিনিময়ের ঘটনা সফর আয়োজনের প্রক্রিয়ায় কিছুটা প্রভাব ফেলেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন বলে বাংলাদেশ মনে করে। এ কারণে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার প্রসঙ্গে মুখপাত্র বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টিও তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদুল করিম বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে মুখপাত্র বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে।

এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি।

ঢাকার প্রত্যাশা, পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।