নারীদের নিরাপদ যাতায়াতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী

জাতীয়
নারীদের নিরাপদ যাতায়াতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতে রাজধানীর সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে। সব মিলিয়ে ১৩টি রুটে ১৪টি ‘পিংক বাস’ যাত্রীসেবা দেবে।

তিনি বলেন, নারীরা যাতে এসব বাসে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে পিংক বাসের রুট আরও সম্প্রসারণের পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে যে পরিবেশে নারী যাত্রীরা এই সেবা পাবেন, তা সময়ের সঙ্গে আরও উন্নত করা হবে। নারীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এই সেবা চালু হয়েছে। এর মধ্যে রয়েছে নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। এছাড়া আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস চলাচল করবে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীদের নিরাপদ যাতায়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেবাটি কার্যকর করতে নির্ধারিত রুটে নিয়মিত বাস চলাচল, পর্যাপ্ত সংখ্যা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।