আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর

অন্যান্য
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর
২১ আগস্ট ২০২৬

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান লাভ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে নূর উদ্দিনের এই অর্জন দেশের জন্যও সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের সন্তান নূর উদ্দিন। তার বাবা মাওলানা নুরুল আমিন ও মা ইয়ানুর বেগম। ছোটবেলা থেকেই কুরআন শিক্ষার প্রতি আগ্রহী নূর উদ্দিন মাত্র ছয় বছর বয়সে তার মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় যান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন তিনি। পরবর্তী সময়ে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানেই পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার প্রস্তুতি নেন।

সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকশ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন নূর উদ্দিন। তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বাউফলের চাঁদকাঠীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নূর উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন।

স্থানীয়দের মতে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় নূর উদ্দিনের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বাউফল ও বাংলাদেশের জন্য গর্বের। তার সাফল্য কুরআন শিক্ষায় আগ্রহী তরুণদের জন্য নতুন উৎসাহ তৈরি করবে।