লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ প্রবাসী বাংলাদেশি

অন্যান্য
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ প্রবাসী বাংলাদেশি

ছবি: সংগৃহীত

২৭ অক্টোবর ২০২৬

লিবিয়ার ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ-222) তাঁরা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের প্রত্যাবাসন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকে বিভিন্ন সময়ে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার সকালে বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রত্যাবাসিত প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।