শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর বঙ্গভবনে পৌঁছেছেন। সন্ধ্যা ৭টার কিছু পর রাষ্ট্রপতিকে বহনকারী গাড়ি বঙ্গভবনে প্রবেশ করে।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে জড়ো হয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। দরবার হলে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিশিষ্টজনেরা।
রাষ্ট্রপতির শপথের পাশাপাশি এদিন মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তুতিও চলছে। বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নামও নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়েও প্রধানমন্ত্রীর পর্যায়ে আলোচনা চলছে।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন—দুই ঘটনাকে ঘিরে শুক্রবার বঙ্গভবনে ছিল রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ব্যস্ততা।


