যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও ছাড় দেবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও ছাড় দেবে না ইরান: পেজেশকিয়ান
২৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশের শক্তি ও নীতিগত অবস্থান অক্ষুণ্ন রেখে একটি সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে—এমন অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে দেশের শক্তি অক্ষুণ্ন রেখে বাস্তবসম্মত উপায়ে সংকট থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানের প্রেসিডেন্ট জানান, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে দেশটির কর্মকর্তারা প্রায় প্রতিদিন আলোচনা করছেন। তবে যেকোনো সমঝোতায় ইরানের নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রতিপক্ষ যেন আবার ইরানের ওপর হামলার চিন্তা না করে, এমন নিশ্চয়তাও প্রয়োজন।

তিনি আরও বলেন, নতুন করে সংঘাতের আশঙ্কা থাকলে ইরানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে। দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও দুর্বল করতে পারে। তাই শক্ত অবস্থান বজায় রেখেই যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকেরও পক্ষে অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তার দাবি, ওই সমঝোতায় আত্মসমর্পণের কোনো শর্ত নেই এবং ইরানকে কোনো ছাড় দেওয়ার কথাও বলা হয়নি।

গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের সংঘাতের অবসান ঘটে এবং দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়।

তবে সমঝোতা বাস্তবায়নের পদ্ধতি এবং বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী আলোচনা স্থবির হয়ে পড়ে।