ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


