আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন

জাতীয়
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন
২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

আরবি বর্ষপঞ্জির রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে তিনি মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি, সহনশীলতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। ৪০ বছর বয়সে নবুয়ত লাভের পর দীর্ঘ ২৩ বছর তিনি ইসলামের বাণী প্রচার করেন।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার সময়ে মহানবী (সা.) সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে আবির্ভূত হন। তাঁর জীবনাদর্শে সততা, আমানতদারি, ক্ষমাশীলতা, দানশীলতা ও মানুষের প্রতি ভালোবাসা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। মদিনায় তিনি একটি কল্যাণভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দৃষ্টান্তও স্থাপন করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া ও নাত মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেকে নফল নামাজ আদায় ও রোজা রাখছেন। রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাও সাজানো হয়েছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠন আলোচনা, দোয়া মাহফিল, সিরাতুন্নবী ও নাতে রাসুল (সা.)-এর আয়োজন করেছে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।