প্রেমভিত্তিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

অন্যান্য
প্রেমভিত্তিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ
২৭ আগস্ট ২০২৬

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের পক্ষ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রেম ও রোমান্টিক কনটেন্ট নিয়ে অভিযোগ

নোটিশে বলা হয়েছে, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটকে প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্টের অব্যাহত প্রচারের কারণে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আইনজীবীর অভিযোগ, এ ধরনের নাটক ও সিনেমার প্রভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে কিছু কনটেন্টে স্বাভাবিক ও ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সমাজের প্রচলিত নৈতিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে আরও দাবি করা হয়েছে, মূলধারার গণমাধ্যমে এ ধরনের সম্পর্কের অবাধ উপস্থাপন সামাজিক নৈরাজ্য বাড়াতে ভূমিকা রাখছে এবং পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ উল্লেখ

আইনি নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, সংবিধান ও আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

এ ছাড়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সংবিধানের ২৩ অনুচ্ছেদের কথাও তুলে ধরে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞান-শিক্ষাভিত্তিক কনটেন্ট তৈরির দাবি

আইনি নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটক ও সিনেমার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশদাতার মতে, এ ধরনের কনটেন্ট নির্মাণের মাধ্যমে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখা সম্ভব।

১০ দিনের সময়, না হলে রিট

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জননৈতিকতা ও জাতীয় সংস্কৃতি রক্ষার দাবিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।