খায়রুল হকের সব মামলায় জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা

জাতীয়
খায়রুল হকের সব মামলায় জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা
১৭ আগস্ট ২০২৬

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করে ‘নো অর্ডার’ দিয়েছেন আদালত। ফলে অন্য মামলাগুলোতেও জামিন থাকায় কারাগার থেকে খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বনানী থানার মামলায় খায়রুল হকের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনটির শুনানি হয়।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুনানি শেষে হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল।

এর আগে গত ১০ আগস্ট বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এর আগে গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলাতেও খায়রুল হকের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়। পরে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও সাতটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। বনানী থানার মামলায় হাইকোর্টের জামিনও বহাল থাকায় সব মামলাতেই জামিন নিশ্চিত হয়েছে। ফলে সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তিতে বর্তমানে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।