৫৭ মুসলিম দেশের জোট ওআইসিতে নতুন নেতৃত্ব
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
৫৭টি মুসলিম দেশের জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ।
সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়েছেন। পরে সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেন ইসমাইল উলদ শেখ আহমেদ।
নতুন দায়িত্ব গ্রহণের পর ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, ওআইসির মহাসচিব হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে তিন দশকের বেশি সময় কাজ করার পর এ দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্বীকৃতি বলেও উল্লেখ করেন তিনি।
সদস্যদেশগুলো তার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মহাসচিব।
ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় দায়িত্ব পালন করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭-২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছিল।
ওআইসির নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠকে ফিলিস্তিন ইস্যুও গুরুত্ব পায়। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ড. ভারসেন আগাবেকিয়ান শাহিন ইসরায়েলের হামলা ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেরুজালেম ও আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের কর্মকাণ্ডকে অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
নতুন মহাসচিবের দায়িত্বকালে ফিলিস্তিন সংকট, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি ওআইসির অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


