ইরানে শিশুদের মৃ’ত্যু নিয়ে ইউনিসেফের নীরবতার সমালোচনা তেহরানের

ইরানে শিশুদের মৃ’ত্যু নিয়ে ইউনিসেফের নীরবতার সমালোচনা তেহরানের
৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শিশুদের মৃত্যুর ঘটনায় যথাযথ নিন্দা না জানানোর অভিযোগ তুলে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফের সমালোচনা করেছে তেহরান।

নিউইয়র্কে ইউনিসেফের নির্বাহী বোর্ডের বৈঠকে ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ অভিযোগ তোলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাভানি অভিযোগ করেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত কথিত অপরাধের বিষয়ে ইউনিসেফ নীরব ভূমিকা পালন করছে। বৈঠকে এ বিষয়টি নিয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে ইরানি প্রতিনিধির বাকবিতণ্ডাও হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে শিশুদের হতাহত হওয়ার ঘটনায় এর আগেও উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে নির্দিষ্ট হামলার ঘটনায় সাধারণত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সরাসরি দায়ী করেনি ইউনিসেফ।

ইউনিসেফের জুলাইয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর প্রথম পাঁচ মাসে ইরানে ৩৮৬ শিশু নিহত এবং ২ হাজার ১১৭ শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে মার্চে সংস্থাটি জানিয়েছিল, ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ মেয়ে শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে।

ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, কুহেস্তাকে হামলায় পাঁচজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। এসব হামলায় আটজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শিশুদের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।