যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নি’হত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নি’হত
৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহত তিন পাইলটের মধ্যে দুজন নৌবাহিনী এবং একজন বিমানবাহিনীর সদস্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তবে তারা ইরানের কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।

ইরান জানিয়েছে, পাইলটদের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যও মার্কিন হামলায় নিহত হয়েছেন। তবে ওই ছয়জন আগেই খুজেস্তান প্রদেশে নিহত সাতজনের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চার সদস্য রয়েছেন।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।

হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাকেও মার্কিন হামলার সঙ্গে যুক্ত করেছে ইরানি কর্মকর্তারা। তবে ওই হামলার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানজুড়ে সাম্প্রতিক মার্কিন হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতদের সংখ্যা ও হামলার স্থান নিয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।