ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি ইসরাইলের
অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি বসতি স্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) ইসরাইলি আর্মি রেডিও জানায়, নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে ১৯ বছর বয়সী এক বসতি স্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হামলার পর সন্দেহভাজন এক ফিলিস্তিনি ব্যক্তি গাড়িতে করে পালিয়ে যান।
পরে সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় ওই ব্যক্তি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আলজাজিরার সংবাদদাতা লায়থ জার।
ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, আহত বসতি স্থাপনকারীর শরীরে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এ ঘটনার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, পিএর নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনা বা ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার মতো কোনো হামলা চালালে, অথবা এমন হামলার প্রস্তুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে, ইসরাইল পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত হবে।
কাটজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি সামরিক বাহিনীকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তার এই বক্তব্য পশ্চিম তীরে ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।


