সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩
৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে রিয়াদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান প্রদেশের বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে হামলাগুলো ঠিক কখন হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

আল-মালিকি এসব হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং বিপজ্জনক উত্তেজনা হিসেবে উল্লেখ করেন। তার দাবি, হামলাগুলো দেশটির নাগরিক ও বাসিন্দাদের সরাসরি ঝুঁকির মধ্যে ফেলেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হামলা প্রতিহত করা এবং হুমকির উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোট প্রয়োজনীয় সামরিক ও অভিযান পরিচালনামূলক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে জ্বালানি খাতের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। পরিস্থিতির কারণে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

তবে সৌদি আরবের এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথিরা।

সৌদি বিমান হামলায় ৭ নিহতের দাবি হুথিদের

এর আগে হুথিরা দাবি করে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-হাজম এলাকায় একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথিদের ভাষ্য, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান চলতে থাকলে এর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে তারা।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা কমে এলেও সাম্প্রতিক সময়ে আবার উত্তেজনা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর ইয়েমেনে লড়াইও তীব্র হয়েছে।

বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে সংঘাত

চলতি বছরের জুলাইয়ে সানা বিমানবন্দরে হামলার পর হুথিরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই মাসের শেষ দিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়ে লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে তারা।

গত বৃহস্পতিবার হুথিরা নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে। পশ্চিম তাইজ ও দক্ষিণ হোদেইদাহ হয়ে লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখা ও বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা।

প্রাথমিকভাবে তাইজের পশ্চিম ও হোদেইদাহর দক্ষিণাঞ্চলে সংঘাত সীমিত থাকলেও পরে তা আল-দালেয়া, মারিব, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশেও ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ২৪ আগস্ট থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭৮ জন নিহত বা আহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।