মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
৮ সেপ্টেম্বর ২০২৬

পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ল্যাভরভের বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ

মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে যুক্ত করা হবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বাস্তবধর্মী পদক্ষেপ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, প্রায় দুই দশক আগে রাশিয়া আরব রাজতন্ত্রগুলো, ইরানসহ উপসাগরীয় দেশগুলোর জন্য একটি সমন্বিত নিরাপত্তা ধারণার প্রস্তাব দিয়েছিল। এ উদ্যোগে আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যকে যুক্ত করার কথা বলা হয়েছিল।

‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গও তুলে ধরেন ল্যাভরভ। তিনি এটিকে যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের একটি সম্ভাব্য রূপরেখা হিসেবে উল্লেখ করেন।

তার মতে, মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সম্ভব হলে তা রাশিয়ার দীর্ঘদিনের প্রস্তাব বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

নেতৃত্বের দাবি নেই মস্কোর

ল্যাভরভ বলেন, কয়েক বছর আগে চীন ও রাশিয়ার সক্রিয় মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে নতুন পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে প্রস্তাবিত নিরাপত্তা কাঠামো বাস্তবায়নে রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।