জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, একজনের মৃত্যু
ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী ও ক্রু। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়েছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।
জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্য থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়।
ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। দেশটির বিস্তৃত জলপথের কারণে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে স্থানীয়দের বড় একটি অংশ যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর নির্ভরশীল।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি


