আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
কর্নেল মতিউরই সরাসরি গুলি করে হত্যা করেন জিয়াউর রহমানকে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামে এক আসামিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে চার দশক পর এমন তথ্য সামনে এলো।
প্রসিকিউটর তানভীর হাসান জোহার ভাষ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। এর দুই দিন পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আকস্মিক হামলা চালানো হয়।
মোজাফফর হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলার সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর রহমান।
তবে এ বিষয়ে আরও তথ্য ও ঘটনার বিস্তারিত জানতে মোজাফফর হোসেনকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর জোহা।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের অতর্কিত হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় সাড়ে চার দশক পর নতুন এই দাবি সামনে এলো।
এ ঘটনায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় জড়িত থাকার অভিযোগে গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চলতি বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন।
গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বর্তমানে জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—দুই মামলাতেই তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


